কিশোরের কবিতা
গোলাম মোস্তফা
আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল মানব-নন্দনে,
ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগাই স্পন্দনে।
লক্ষ আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে,
ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি-পাতার বন্ধনে।
সকল কাঁটা ধন্য করে ফুটবো মোরাও ফুটবো গো, প্রভাত-রবির সোনার আলো দুহাত দিয়ে লুটব গো।
নিত্য নবীন গৌরবে ছড়িয়ে দেব সৌরভে,
আকাশ পানে তুলব মাথা, সকল বাঁধন টুটব গো। সাগরজলে পাল উড়িয়ে কেউবা হব নিরুদ্দেশ; কলম্বাসের মতইবা কেউ পৌঁছে যাব নতুন দেশ!
জাগবে সারা বিশ্বময় এ বাঙালি নিঃস্ব নয়,
জ্ঞান-গরিমা শক্তি-সাহস আজও এদের হয়নি শেষ। কেউবা হব সেনানায়ক, গড়ব নতুন সৈন্যদল,
সত্য-ন্যায়ের অস্ত্র ধরি, নাইবা থাকুক অন্যবল।
স্বদেশকে ভালোবাসব গো, ব্যথির ব্যথা বুঝব গো,
ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অশ্রুজল।
ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে।
অবাধ আলোর আমরা সূত, নতুন বাণীর অগ্রদূত,
কতই কি যে করব মোরা নাইক তাহার অন্ত রে।


0 Comments